১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:২৩ অপরাহ্ন


পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-২২ ১৩:২৩:৪২
পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া বাংলাদেশের ছবি: সংগৃহীত


নাগোয়া এশিয়ান গেমসে ৩১ রানের হারে হাতছাড়া পদক; ১২ বছর পর পদক পুনরুদ্ধার পাকিস্তানের

        জাপানের নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে দারুণ জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশায় ডুবল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৩১ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক জয়ের স্বপ্ন হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে নাগোয়া গেমসে প্রথম কোনো ইভেন্টে দেশের ঝুলিতে প্রথম পদক যুক্ত হওয়ার নিশ্চিত সুবর্ণ সুযোগ মিস হলো।

অন্যদিতে এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর এশিয়ান গেমসে নিজেদের কাঙ্ক্ষিত পদক পুনরুদ্ধার করল পাকিস্তান নারী দল। এর আগে সবশেষ ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচন গেমসে স্বর্ণপদক জিতেছিল তারা। উল্লেখ্য, চার বছর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে এই পাকিস্তানকে পরাজিত করেই ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ; ফলে আজকের এই ম্যাচটিকে পাকিস্তানের জন্য ছিল মধুর প্রতিশোধের জয়।

আজ জাপানের নাগোয়ার ঐতিহ্যবাহী করোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলীয় অধিনায়ক ফাতিমা সানার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ফাতিমা মাত্র ৩০ বলে ৩টি দৃষ্টিনন্দন বাউন্ডারি ও ৩টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার গুল ফিরোজা ২৩ বলে ৬টি বাউন্ডারিতে দ্রুতগতির ৩১ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণে নিয়ন্ত্রিত বোলিং করে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি প্রতিটি বোলারই ২টি করে উইকেট দখল করেন।

১৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডার ব্যাটারদের চরম ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে শারমিন আক্তার ৪৫ বলে ৪টি বাউন্ডারিসহ ৪৬ রানে অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে ২৫ রান করেন। পাকিস্তানের স্পিনার উম্মে হানি মাত্র ১০ রান খরচ করে ৩টি উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামান।