১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:২০ অপরাহ্ন


বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৫ ১৯:৪৯:৪৪
বিচ্ছেদের জটিলতার মাঝেই সন্তানদের জন্য সেলিনার আবেগঘন বার্তা সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি I ছবি: সংগৃহীত


আইনি লড়াইয়ের কারণে সন্তানদের থেকে দূরে সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী; দুবাই ও অস্ট্রিয়ার স্মৃতি হাতড়ে ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট

         স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ-সংক্রান্ত চরম আইনি জটিলতা ও তিক্ততার মধ্যেই নিজের সন্তানদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। দাম্পত্য কলহের জেরে বর্তমানে সন্তানদের থেকে বাধ্য হয়ে দূরে অবস্থান করছেন এই অভিনেত্রী। এর মধ্যেই নতুন শিক্ষাবর্ষে স্কুলেও পা রেখেছে তাঁর তিন সন্তান—উইনস্টন, বিরাজ ও আর্থার। বিশেষ এই আনন্দঘন দিনে সন্তানদের পাশে উপস্থিত থাকতে না পারার গভীর যন্ত্রণা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলেদের সঙ্গে কাটানো সুন্দর কিছু স্মৃতিময় ছবি পোস্ট করে এক দীর্ঘ আবেগপ্রবণ বার্তা শেয়ার করেন সেলিনা। তিনি লেখেন, সন্তানদের নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে তাদের কাছে থাকতে না পারা এক অসীম বেদনার। অতীতের স্মৃতি স্মরণ করে সেলিনা আরও লেখেন, একসময় তিনি নিজে হাতে সন্তানদের স্কুলের নতুন বই মলাট করে দিতেন। দুবাইয়ে পড়াশোনাকালে তাদের জন্য ভালোবাসা দিয়ে তৈরি করেছিলেন বিশেষ ‘শুলট্যুটে’ (Schultüte) এবং অস্ট্রিয়ায় স্কুল শুরু হওয়ার সময় পরম যত্নে খাবার তৈরি করে দিয়েছিলেন। মাতৃত্বের এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দের উৎস।

তবে দাম্পত্য বিচ্ছেদের কারণে সেই সুখের স্মৃতির জায়গায় এখন বাসা বেঁধেছে অনিশ্চয়তা ও দূরত্ব। সেলিনা চরম অনিশ্চয়তা প্রকাশ করে জানান, সন্তানদের নতুন শিক্ষা বছরের প্রথম দিনে তো তিনি পাশে থাকতে পারলেনই না, এমনকি ২০২৬ সালের বাকি দিনগুলোতেও তাদের পাশে থাকার সুযোগ পাবেন কি না, তা নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে সন্তানদের উদ্দেশে দেওয়া সেলিনার বার্তায় ছিল এক অনন্য মায়ের ভালোবাসা ও নিশ্চয়তা। তিনি লেখেন, "বাবা-মায়ের সম্পর্কের মধ্যে যা-ই ঘটুক না কেন, আমার একমাত্র চাওয়া সন্তানরা যেন নিঃসংকোচে বাবা ও মা দুজনকেই ভালোবাসতে পারে এবং নিজেদের আনন্দ ও অনুভূতি ভাগ করে নিতে পারে।" সেলিনা আরও স্পষ্ট করেন, তাঁর ছেলেদের কখনোই মা কিংবা বাবার মধ্যে কোনো একজনকে বেছে নেওয়ার কঠিন সমীকরণে পড়তে হবে না।

উল্লেখ্য, প্রায় ১৫ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের পর সম্প্রতি আলাদা হয়ে গেছেন সেলিনা জেটলি ও পিটার হাগ। বর্তমানে মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা আইনের অধীনে মামলা ঠুকেছেন এই অভিনেত্রী। পাশাপাশি সন্তানদের কাছে যেতে বাধা দেওয়া এবং যৌথ সম্পত্তি ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

অন্যদিকে, সেলিনার এসব অভিযোগ অস্বীকার করেছেন পিটার হাগ। পাশাপাশি পিটারের বাবাও সেলিনার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্যের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন। সব মিলিয়ে বিচ্ছেদের জটিল ও কঠিন আইনি লড়াই চললেও, সেলিনার সাম্প্রতিক বার্তা স্পষ্ট করে দিয়েছে—দূরত্ব যতই বাড়ুক না কেন, সন্তানের প্রতি মায়ের ভালোবাসায় কোনো কমতি নেই।