১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১০:২২ পূর্বাহ্ন


বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা!
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০৭ ১৪:৪৮:৫৯
বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা!


পার্বত্য জেলা বান্দরবানে অনবরত ভারী বর্ষণ এবং এর ফলে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনা করে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এই সময়কালে জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এই গণবিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনা করে পর্যটক ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সময়কালে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক বা ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।