সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কুমার শানু ও কুনিকার একটি ঘনিষ্ঠ ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসতেই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কুনিকা এর তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট করে বলেন, যারা এই কুরুচিপূর্ণ কাজ করেছে তাদের লজ্জা পাওয়া উচিত।
ব্যক্তিত্বের অধিকার ও আইনি পদক্ষেপ
কুনিকা মনে করিয়ে দেন যে, কুমার শানু বর্তমানে তাঁর পরিবার নিয়ে সুখে সংসার করছেন এবং আদালতের নির্দেশে তাঁর 'পার্সোনালিটি রাইটস' বা ব্যক্তিত্বের অধিকার সংরক্ষিত। অনুমতি ছাড়া এমন বিভ্রান্তিকর ছবি তৈরি ও প্রচার করলে নির্মাতারা বড় ধরনের আইনি বিপদে পড়বেন বলে তিনি সতর্ক করেন। ভক্তদের এই ধরণের 'ফ্যানডম যুদ্ধ' বন্ধ করার অনুরোধ জানিয়ে তিনি প্রয়োজনে মানহানির মামলা করার কথা বলেছেন।
বিগ বসের সেই বিস্ফোরক স্বীকারোক্তি
সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর ঘরে থাকাকালীন কুনিকা কুমার শানুর সঙ্গে তাঁর প্রায় ছয় বছরের দীর্ঘ সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, সেই সম্পর্কের জন্য তাঁর কোনো আফসোস নেই। এক সময় তাঁরা একে অপরকে স্বামী-স্ত্রীর মতোই দেখতেন। শানুর ক্যারিয়ারের সোনালী সময়ে তাঁর পোশাক নির্বাচন থেকে শুরু করে ডায়েট—সবকিছুর দেখাশোনা করতেন কুনিকা।
হকি স্টিক দিয়ে গাড়ি ভাঙচুর: তিক্ত অতীত
কুনিকা তাঁর স্মৃতিচারণে আরও জানান, এই সম্পর্কের কথা শানুর তৎকালীন স্ত্রী রিতা ভট্টাচার্য জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি রাগের মাথায় রিতা একবার হকি স্টিক দিয়ে কুনিকার গাড়িও ভেঙে দিয়েছিলেন। সন্তানদের ভরণপোষণ এবং পারিবারিক টানাপোড়েন থেকেই সেই তিক্ততার সৃষ্টি হয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত শানু ও কুনিকার বিচ্ছেদ ঘটে।