১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৯:২৪ অপরাহ্ন


বিপিএল না হলেও ক্রিকেটারদের সুখবর দিলেন বিসিবি সভাপতি তামিম
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৬ ১৭:২৫:৩৩
বিপিএল না হলেও ক্রিকেটারদের সুখবর দিলেন বিসিবি সভাপতি তামিম বিসিবি সভাপতি তামিম ইকবাল I ছবি: সংগৃহীত


ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি; বিপিএলের বিকল্প হিসেবে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘বাংলাদেশ ফার্স্ট’-এর পরিকল্পনা

       বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে নানামুখী অনিশ্চয়তার মধ্যেই দেশের ঘরোয়া ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের আর্থিক স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ আয়োজন স্থগিত হওয়ার ঝুঁকিতে থাকা ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দিতে প্রথম শ্রেণির ক্রিকেট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

গত কয়েক আসর ধরেই বিপিএলকে কেন্দ্র করে পারিশ্রমিক বকেয়াসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠছিল। সার্বিক শৃঙ্খলা ফেরাতে বিপিএলকে নতুন কাঠামোয় সাজানোর অংশ হিসেবে প্রয়োজনে এ মৌসুমে টুর্নামেন্ট না আয়োজনের আভাস আগেই দিয়েছিলেন বিসিবি প্রধান। শেষ পর্যন্ত বিপিএল না হওয়ার পথে হাঁটায় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় থাকা ঘরোয়া ক্রিকেটারদের দাবির মুখে দুই দফা বৈঠকের পর ম্যাচ ফি বৃদ্ধির এই সিদ্ধান্ত নেয় বোর্ড।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে নতুন পারিশ্রমিক কাঠামোর রূপরেখা তুলে ধরেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, জাতীয় দলের বাইরের বিশাল সংখ্যক ঘরোয়া ক্রিকেটার যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকেন, সে লক্ষ্যেই এই সংস্কার করা হয়েছে।

নতুন কাঠামোর অধীনে পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক পুনর্নির্ধারণ করা হয়েছে:

  • প্রথম শ্রেণির ক্রিকেট (চার দিনের ম্যাচ): প্রতি ম্যাচে পারিশ্রমিক ১ লাখ ৫০ হাজার টাকা।

  • একদিনের ম্যাচ (ওয়ানডে): প্রতি ম্যাচে পারিশ্রমিক ১ লাখ টাকা।

  • টি-টোয়েন্টি ম্যাচ: প্রতি ম্যাচে পারিশ্রমিক ৮০ হাজার টাকা।

একই সঙ্গে নারী ক্রিকেটারদের আর্থিক ও প্রযুক্তিগত উন্নয়নে বড় সিদ্ধান্তের কথা জানান তামিম ইকবাল। নারীদের তিন দিনের ম্যাচকে চার দিনের ফরম্যাটে রূপান্তরের পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে ম্যাচ ফি:

  • চার দিনের ম্যাচ: পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

  • ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ: ওয়ানডেতে ম্যাচ ফি ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করা হয়েছে।

এদিকে, বিপিএল না হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের ঘাটতি মেটাতে ঘরোয়া আসরকে আরও বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রচলিত ‘এনসিএল টি-টোয়েন্টি’-র বদলে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি আদলের টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে বোর্ড। বিভাগভিত্তিক দলের পরিবর্তে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে এটি আয়োজিত হতে পারে, যেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দল কিনে নিজেদের মতো নাম ঠিক করার সুযোগ পাবে।