১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৬:৪৬ অপরাহ্ন


গাইবেন অপূর্ব, টিকিটের সর্বোচ্চ দাম ৩৭ হাজার টাকা!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২৯ ১৮:২৬:১৩
গাইবেন অপূর্ব, টিকিটের সর্বোচ্চ দাম ৩৭ হাজার টাকা! জিয়াউল ফারুক অপূর্ব I ছবি: সংগৃহীত


নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’; অভিনয় পেরিয়ে এবার নতুন পরিচয়ে মঞ্চে

      রোমান্টিক অভিনেতা হিসেবে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া জিয়াউল ফারুক অপূর্ব এবার দেখা দেবেন একদমই ভিন্ন পরিচয়ে। ক্যামেরার সামনে অভিনয় নয়, এবার সরাসরি কনসার্টের মঞ্চে গায়ক হিসেবে উপস্থিত হচ্ছেন তিনি। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর একক সংগীত আয়োজন ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।

নিউইয়র্কের কুইন্সে অবস্থিত ঐতিহাসিক জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (JPAC) আগামী ৮ আগস্ট রাত ৮টা থেকে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে এই বিশেষ একক গান পরিবেশনা। ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের আয়োজনে হতে যাওয়া এই কনসার্টে অপূর্ব ১০টির মতো নিজের পছন্দের গান এবং বিভিন্ন সময়ে তাঁর নাটকগুলোতে গাওয়া জনপ্রিয় ট্র্যাকগুলো গাইবেন।


কনসার্টের ঘোষণার পর থেকেই ভক্ত ও দর্শক মহলে অভাবনীয় আলোড়ন তৈরি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে উচ্ছ্বসিত অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।”


টিকিটের মূল্য ও অন্যান্য বিবরণ

প্রকাশিত পোস্টারে এই অনুষ্ঠানকে অভিহিত করা হয়েছে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ (স্মরণীয় একটি সংগীত সন্ধ্যা) হিসেবে। আয়োজকদের পক্ষ থেকে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ আসন ১০০ ডলার এবং ভিআইপি আসন ৩০০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমপরিমাণ। আসনসংখ্যা সীমিত হওয়ায় দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, ছোটবেলায় কম্পিউটার সায়েন্সের ছাত্র অপূর্বর স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া, তবে সেই সঙ্গেই ছিল নিয়মিত সংগীতাচর্চা। একসময় গায়ক হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকলেও ভাগ্যক্রমে প্রবেশ করেন অভিনয় জগতে। দীর্ঘ সফল অভিনয় জীবনের পর পুরোনো সেই ভালোবাসার টানেই নিউইয়র্কের মঞ্চে গায়ক রূপে হাজির হতে যাচ্ছেন তিনি। বর্তমানে পরিবারকে সময় দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ছোট পর্দার এই শীর্ষ অভিনেতা।