১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:০৭ অপরাহ্ন


ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি
ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২২ ১৮:৩৪:০৯
ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি ছবি: সংগৃহীত


২০৩০ বিশ্বকাপ ৬৪ দলে করার চিন্তাভাবনায় ক্ষুব্ধ হাভিয়ের তেবাস; আন্তর্জাতিক ফুটবলের ঠাসা সূচিতে ঘরোয়া লিগ ধ্বংসের অভিযোগ!

২০৩০ সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপ দলের সংখ্যা বাড়িয়ে ৬৪টিতে উন্নীত করার যে গুঞ্জন শুরু হয়েছে, তা নিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে কড়া ভাষায় তুলাধোনা করেছেন স্প্যানিশ ফুটবল লিগের (লা লিগা) সভাপতি হাভিয়ে দে বাস (হাভিয়ের তেবাস)। বিশ্ব ফুটবলের নীতিনির্ধারকদের এমন অবিবেচকমূলক চিন্তাভাবনা এবং একের পর এক সিদ্ধান্তকে সরাসরি ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ দেগেছেন তিনি।

ইতালীয় ক্রীড়া দৈনিক ‘লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত’-এ প্রকাশিত এক বিস্ফোরক সাক্ষাৎকারে তেবাস সোজা ব্যাটে খেলে দাবি করেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মেয়াদকাল বা যুগ এখন ‘শেষ’ হয়ে এসেছে। একই সঙ্গে ফিফার নেতৃত্ব নির্বাচনের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির তীব্র সমালোচনা করে তিনি একে একটি ‘মৌলিকভাবে ত্রুটিপূর্ণ’ ব্যবস্থা বলে আখ্যা দেন। তেবাসের মতে, এই ত্রুটিযুক্ত ব্যবস্থার ফাঁক গলেই গত এক দশক ধরে বিশ্ব ফুটবলের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ইনফান্তিনো।

ফিফার এমন অপরিণামদর্শী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে লা লিগা প্রধান বলেন, “বিশ্বকাপ যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন, বৈশ্বিক ফুটবল শিল্প বলতে শুধুই এই টুর্নামেন্টকে বোঝায় না। বিশ্ব ফুটবলের এই বিশাল শিল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান জোগায়। অথচ মাত্র ৪০ দিনের একটা টুর্নামেন্ট আর গুটি কতক ফুটবলারের সুবিধার কথা ভেবে পুরো ইন্ডাস্ট্রিকেই তারা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।”

উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেই ২০৩০ সালের শতবর্ষী আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ‘৬৪ দল’ করার এক নতুন পরিকল্পনার কথা সামনে এনেছিলেন ইনফান্তিনো। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের টানে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও এর কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঘরোয়া ফুটবলের ওপর বাড়তি চাপ ও ফুটবলারদের ঠাসা সূচি নিয়ে হুঁশিয়ারি দিয়ে তেবাস আরও বলেন, “খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্যালেন্ডার ও ব্যস্ত সূচি নিয়ে আমরা বারবার নিজেদের আশঙ্কার কথা জানিয়েছি। আর তারা কিনা এখন ৬৪ দলের বিশ্বকাপ করার পাঁয়তারা করছে!”

তিনি আরও যোগ করেন, “তারা ভুলে যাচ্ছে, ঘরোয়া লিগগুলোই মূলত ফুটবল খেলাটাকে টিকিয়ে রেখেছে। আমাদের এখন দরকার আন্তর্জাতিক ম্যাচের চাপ কমানো এবং ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া। তারা এই বাস্তব সত্যটা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে এবং দিনের পর দিন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।” তবে লা লিগা সভাপতির এমন কঠোর অভিযোগের পরও এখন পর্যন্ত ফিফা কিংবা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।