১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৫:০৯ অপরাহ্ন


রাজধানীর পরিবেশ দূষণ রোধ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর!
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-১৮ ১৬:০৬:২৮
রাজধানীর পরিবেশ দূষণ রোধ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর! ছবি: পিএমও


রাজধানী ঢাকার বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় এক উচ্চপর্যায়ের বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৮ ১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের হলরুমে পরিবেশ দূষণবিষয়ক এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন স্বয়ং সরকারপ্রধান। বৈঠকে রাজধানীর পরিবেশ দূষণ রোধ ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ঐতিহ্যগত ইটভাটার কারণে সৃষ্ট মারাত্মক বায়ূদূষণ রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশের ক্ষতি না করে আধুনিক ও পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রাজধানী জুড়ে যানবাহনের হাইড্রোলিক ও অতিরিক্ত হর্নের ব্যবহার কীভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরালো ও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় বর্তমানে ব্যবহৃত এআই (AI) ক্যামেরার মতো হর্ন ব্যবহারের মাত্রা নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কীভাবে সফলভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বৈঠকে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং কালো ধোঁয়া নির্গমনকারী পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য গণপরিবহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। এর পাশাপাশি ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে রাজধানীর আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে সচল ও চালু করার নির্দেশ দেন সরকারপ্রধান।

গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নীতি-নির্ধারণী বৈঠকে অংশ নেন।