১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৭:৪৯ অপরাহ্ন


মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি, মস্তিষ্কে জরুরী অস্ত্রোপচারের সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৩ ১৭:০৯:৩১
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি, মস্তিষ্কে জরুরী অস্ত্রোপচারের সিদ্ধান্ত ছবি: সংগৃহীত


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রফিক জানান, আজ সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করানো হয়েছিল। সেই রিপোর্টের ফলাফলে উদ্বেগের কারণ দেখা দিলে দ্রুত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ড সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি পাওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

এই মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন। বিশেষজ্ঞ এই দলে আছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। সে সময় মেডিকেল বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীকে তার চিকিৎসার বর্তমান পরিস্থিতি ও অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই চিকিৎসার পরবর্তী ধাপগুলো নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।