১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৯:২৮ অপরাহ্ন


মেথিকান্দা স্টেশনে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যু!
নরসিংদী প্রতিনিধি | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০৯ ১৩:২১:১০
মেথিকান্দা স্টেশনে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যু! ছবি: সংগৃহীত


নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের বর্বরোচিত ও অমানবিক হামলায় গুরুতর আহত ৭০ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম মারা গেছেন। স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত এই বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার চরম অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রায় ২৫ বছর আগে একটি ট্রেনে চড়ে এই স্টেশনে আসার পর থেকে এই রেলওয়ে স্টেশনটিকেই নিজের একমাত্র ঠিকানা বানিয়েছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও স্টেশন সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৫ বছর ধরে স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করে এবং ট্রেনের যাত্রীদের বিভিন্নভাবে সহায়তা করে তিল তিল করে প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন এই বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে সেই জমানো টাকা দাবি করে। অসহায় বৃদ্ধা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ঘর থেকে কষ্টার্জিত সব টাকা লুটে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি জানাজানির পর রায়পুরা উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি।

এই অমানবিক ঘটনার বিষয়ে রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ববি বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেথিকান্দা স্টেশনের এই বর্বরোচিত হামলার ঘটনায় ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর প্রচেষ্টা ও অভিযান চলছে।