১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩২:৫০ অপরাহ্ন


সিরিজ জয় হবে নিউজিল্যান্ডের জন্য অনেক বড় অর্জন : স্মিথ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৯ ১৭:২৯:০৫
সিরিজ জয় হবে নিউজিল্যান্ডের জন্য অনেক বড় অর্জন : স্মিথ ছবি: সংগৃহীত


আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল হলেও বাংলাদেশ সফরটি নিউজিল্যান্ডের জন্য মোটেও সহজ নয়। ১৬-১৭ জন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই অনেকটা ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে ঢাকায় আসা কিউইরা এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। তবে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড আর এপ্রিলের ভ্যাপসা গরমের চ্যালেঞ্জ জয় করে সিরিজ জেতাটা তাদের জন্য হবে এক বিরাট অর্জন—এমনটাই মনে করছেন কিউই পেসার নাথান স্মিথ।

প্রথম ওয়ানডেতে জয়ের পর দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, “এই কন্ডিশনে বাংলাদেশকে হারিয়ে সিরিজ নিশ্চিত করা আমাদের জন্য বিশাল ব্যাপার হবে। বাংলাদেশ তাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে, আর আমাদের দলে অনেক নতুন মুখ। তবে নিউজিল্যান্ড দল সবসময়ই ভিন্ন কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে গর্ববোধ করে। এই সফর আমাদের স্কোয়াডের গভীরতা বাড়ানোর পাশাপাশি নতুন খেলোয়াড়দের বড় অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে।”

ইতিহাস বলছে, নিউজিল্যান্ডের জন্য বাংলাদেশের কন্ডিশন সবসময়ই রহস্যময়। ২০০৪ ও ২০০৮ সালের পর গত বছরের সেপ্টেম্বরে তারা বাংলাদেশে সিরিজ জিতেছিল। তবে আগের প্রতিটি সিরিজই ছিল বছরের শেষ দিকে, যখন আবহাওয়া কিছুটা সহনীয় থাকে। কিন্তু এবারের এপ্রিলের এই তীব্র দাবদাহে সিরিজ জয় কিউইদের জন্য এক নতুন চ্যালেঞ্জ। নাথান স্মিথ মনে করেন, অপরিচিত উইকেট ও প্রতিকূল আবহাওয়ায় কার্যকর হওয়াটাই তাদের আসল পরীক্ষা।

স্মিথ আরো যোগ করেন, “আমরা শিখছি কীভাবে এমন উইকেটে মানিয়ে নিতে হয় যেখানে আমরা সচরাচর অভ্যস্ত নই। প্রথম ম্যাচে যেভাবে আমরা বাংলাদেশকে চাপে ফেলে জয় তুলে নিয়েছি, তা ছিল আমাদের জন্য অত্যন্ত সন্তোষজনক। এখন সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জিততে পারলে, সেটি এই তরুণ দলের জন্য এক বিশাল মাইলফলক হয়ে থাকবে।” আগামীকাল সোমবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল, যেখানে কিউইদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা আর বাংলাদেশের লক্ষ্য সমতায় ফেরা।