১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:১২ অপরাহ্ন


‘মনে হচ্ছিল দলকে ডুবালাম’, মিসরের বিরুদ্ধে পেনাল্টি মিস নিয়ে অকপট লিওনেল মেসি
ক্রীড়া প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০৮ ১৭:২৬:২০
‘মনে হচ্ছিল দলকে ডুবালাম’, মিসরের বিরুদ্ধে পেনাল্টি মিস নিয়ে অকপট লিওনেল মেসি লিওনেল মেসি I ছবি: সংগৃহীত


মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর ও নাটকীয় জয়ের ম্যাচে পেনাল্টি মিস করার পর নিজের মাঠের অনুভূতি এবং মানসিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করার পর আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার মনে হয়েছিল, তিনিই হয়তো আজ পুরো দলকে ডুবিয়ে দিলেন। তবে শেষ পর্যন্ত দল অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচটি জিতে নেওয়ায় বড় স্বস্তি পেয়েছেন তিনি। মেসি মনে করেন, শেষ মুহূর্তে সৃষ্টিকর্তা তাঁর জন্য বিশেষ কিছুই জমা রেখেছিলেন।

ম্যাচের প্রথমার্ধে ২১ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তাঁর নেওয়া স্পটকিকটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সাথে আলাপকালে পেনাল্টি মিসের সেই মুহূর্তের বর্ণনা দিয়ে মেসি বলেন, “সত্যি বলতে এটা স্বস্তির, সবার জন্যই অনেক বড় স্বস্তির। এইমাত্র যেমনটা বললাম, পেনাল্টি মিস করায় নিজের ওপর খুব রাগ হচ্ছিল, বিশেষ করে যেভাবে আমি শটটা নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল, এত গুরুত্বপূর্ণ মুহূর্তে আমিই পুরো দলকে ডুবালাম।”

পেনাল্টি মিসের ধাক্কা সামলে পরবর্তীতে ম্যাচেই প্রায়শ্চিত্ত করার সুযোগ পান এই ফুটবল জাদুকর। ম্যাচের ৮৩ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ের মাধ্যমে গোল করে আর্জেন্টিনাকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান তিনি। এর আগে ক্রিস্টিয়ান রোমেরোর করা দলের প্রথম গোলটিতেও চমৎকারভাবে সহায়তা (অ্যাসিস্ট) করেছিলেন মেসি। পরবর্তীতে এনজো ফার্নান্দেজ ম্যাচের জয়সূচক গোলটি করলে ৩-২ ব্যবধানে এক অবিশ্বাস্য জয়ের মহাকাব্য লেখে আর্জেন্টিনা।

পেনাল্টি মিসের হতাশা ভুলে দল জয়ী হওয়ায় ঈশ্বরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিওনেল মেসি। তিনি বলেন, “ভাগ্য ভালো, শেষ মুহূর্তে ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু রেখেছিলেন। সমতাসূচক গোলটি করতে পেরেছিলাম। এটা আমাদের জন্য যেমন স্বস্তির ছিল, তেমনি বিশাল আনন্দের মুহূর্তও। বিশেষ করে সেইসব মানুষের জন্য, যারা আবারও আমাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিদিন দেখিয়ে দিয়েছে যে একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের পরিচয় কী এবং এটি কতটা গর্বের। আর কিছু না, আমি সত্যিই খুব খুশি।”