১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:০৮ অপরাহ্ন


‘দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে’: সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০৭ ১৫:২৪:১৭
‘দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে’: সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।


বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ এলাকায় মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে সামগ্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং সেনাসদস্যদের দ্বারা পরিচালিত একটি বিশেষ রেইড মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিবিড়ভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের সেনা বাঙ্কারে নামেন এবং সেখানে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে সশরীরে গিয়েও তাঁদের খোঁজখবর নেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বিশেষ উৎসাহ প্রদান করেন। মহড়া পরিদর্শনের মাঝেই প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে বসে চা পান করেন।

পরবর্তীতে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, সুদৃঢ় শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনানিবাসে ফিরে পূর্ণোদ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।