১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৮:২৫ অপরাহ্ন


তৃতীয় ওয়ানদের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ, ফিরলেন সাকিব
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২০ ২০:০৮:৩৮
তৃতীয় ওয়ানদের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ, ফিরলেন সাকিব ছবি: সংগৃহীত


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে সমতায় ফেরার দিনই এই স্কোয়াড ঘোষণা করা হলো।

ঘোষিত এই দলে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সিরিজের প্রথম ম্যাচে ২২ রানে হেরে পিছিয়ে পড়লেও আজ মিরপুরে দাপুটে জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। আর এই ট্রফি নির্ধারণী লড়াইয়ের জন্যই শক্তিশালী একটি ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছেন নির্বাচকরা।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণদের দারুণ সমন্বয় রাখা হয়েছে। দলে রয়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়ের মতো ইনফর্ম ব্যাটাররা। উইকেটরক্ষক হিসেবে লিটন দাসের পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কনও দলে রয়েছেন। বোলিং আক্রমণে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে যোগ দিচ্ছেন গতির ঝড় তোলা নাহিদ রানা এবং নতুন অন্তর্ভুক্ত হওয়া তানজিম সাকিব। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে তানভীর ইসলাম ও রিশাদ হোসেন দলের বড় শক্তি হিসেবে কাজ করবেন।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।