১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:৩৪ অপরাহ্ন


ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন লিওনেল মেসি
ক্রীড়া প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০৫ ১৪:২১:০৫
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন লিওনেল মেসি ছবি: সংগৃহীত


ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় চলমান বিশ্বকাপের চরম ব্যস্ততার মধ্যেও এক মানবিক বার্তা নিয়ে এগিয়ে এসেছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। স্মরণকালের এই ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা ও সমর্থন জানিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত যারা নিজেদের নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন, অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন, তাঁদের প্রতিও বিশেষ সহমর্মিতা প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। গতকাল শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্রাউন্ড নিউজের এক প্রতিবেদন থেকে লিওনেল মেসির এই মানবিক উদ্যোগের কথা জানা গেছে।

গত ২৬ জুন ভেনেজুয়েলায় অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার মধ্যে প্রথম কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২ এবং এর মাত্র ৪০ সেকেন্ড পরেই ৭.৫ মাত্রার দ্বিতীয় আরও একটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভেনিজুয়েলায় নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে প্রায় ৩ হাজারে এসে পৌঁছেছে। এমন কঠিন ও মানবিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে লিওনেল মেসি বলেন, "ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরাও চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।"

দুর্যোগের পর ধ্বংসস্তূপের মাঝে নিখোঁজ স্বজনদের খোঁজে চরম অনিশ্চয়তায় দিন কাটানো মানুষদের সমবেদনা জানিয়ে আর্জেন্টাইন মহাতারকা আরও বলেন, "যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে সামনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।" বক্তব্যের সবশেষে ভেনেজুয়েলার লড়াকু মানুষকে এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, "এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।"