আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের বা রেমিট্যান্সের জোয়ার বইছে। চলতি মার্চ মাসের প্রথম ৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৬ কোটি ৯৬ লাখ ডলার করে রেমিট্যান্স দেশে আসছে।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ২ হাজার ৩৯৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২২.৯০ শতাংশ বেশি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে প্রবাসীরা তাঁদের পরিবার ও আত্মীয়-স্বজনের কাছে বাড়তি অর্থ পাঠানোয় এই প্রবাহ বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বা সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। আপাতত প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।