১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৬:২৩ অপরাহ্ন


‘মাসুদ রানা’ বাংলাদেশের জেমস বন্ড: ঈদেই বড় পর্দায় আসছে বহুপ্রতিক্ষিত স্পাই থ্রিলার
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-২৫ ২১:২১:১২
‘মাসুদ রানা’ বাংলাদেশের জেমস বন্ড: ঈদেই বড় পর্দায় আসছে বহুপ্রতিক্ষিত স্পাই থ্রিলার


দীর্ঘ প্রায় পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষা, করোনা মহামারির আকস্মিক ধাক্কা, শুটিং স্থগিত হওয়া এবং সামরিক স্থাপনায় চিত্রায়ণের অনুমতি পাওয়ার প্রশাসনিক জটিলতা—সব ধরনের বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে রূপালী পর্দায় মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় কালজয়ী গুপ্তচর চরিত্র ‘মাসুদ রানা’। আসন্ন ঈদুল আজহায় বহু আলোচিত এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগেই ছবিটি নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী প্রযোজক আবদুল আজিজ। তাঁর ভাষায়, ‘এবারের ঈদের সেরা সিনেমা হতে যাচ্ছে “মাসুদ রানা”।’

গতকাল রোববার (২৪ মে) চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির নির্মাণপ্রক্রিয়া ও মুক্তি-পরবর্তী প্রত্যাশা নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মাসুদ রানা’র গল্প ও নির্মাণব্যয় এত বড় পরিসরের যে এককভাবে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে তা সামলানো কঠিন ছিল। সে কারণেই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি এখন দর্শকের সামনে আসার জন্য পুরোপুরি প্রস্তুত এবং ইতিমধ্যে নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এটি প্রশংসাসহ মুক্তির অনুমতি পেয়েছে।

২০২১ সালে ছবিটির মুক্তির প্রাথমিক পরিকল্পনা থাকলেও কোভিড, লকডাউন এবং বিভিন্ন কারিগরি জটিলতায় কাজ বারবার পিছিয়ে যায়। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ছবিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় শুটিং করার পরিকল্পনা ছিল, যার অনুমতি পেতেই কয়েক দফা সময় লেগে যায় এবং পুরো নির্মাণপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়।

সিনেমায় কেন্দ্রীয় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা, যিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’–এর বিজয়ী হিসেবে এই সুযোগ পান। সংবাদ সম্মেলনে দীর্ঘ প্রস্তুতির দিনগুলোর কথা স্মরণ করে রাসেল রানা বলেন, বইয়ের পাতায় “মাসুদ রানা”র জীবনে যেমন পদে পদে মৃত্যুর হাতছানি থাকে, এই সিনেমার ক্ষেত্রেও আমার কাছে ছিল পদে পদে থেমে যাওয়ার আশঙ্কা। কখনো করোনা, কখনো অনুমতির বিষয়—অনেক বাধা এসেছে। দীর্ঘ সময় ধরে নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত রাখতে হয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে, এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষা।

আন্তর্জাতিক মানের স্পাই থ্রিলারের আমেজ তৈরি করতে এই চলচ্চিত্রে হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য, আধুনিক অস্ত্রের ব্যবহার, গাড়ির ধাওয়া এবং বিস্ফোরণের মতো দৃশ্যের জন্য অভিনেতাকে দীর্ঘ সময় ধরে শারীরিক ফিটনেস ও অ্যাকশন ট্রেনিং নিতে হয়েছে।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ তাঁর স্মৃতি চারণ করে বলেন, সত্তরের দশকে জেমস বন্ড আর মাসুদ রানা সমান আগ্রহ নিয়ে মানুষ পড়ত। এমনকি নব্বইয়ের দশকের তরুণেরাও কাজী আনোয়ার হোসেনের বই পড়ে বড় হয়েছে। সেই জনপ্রিয় চরিত্রকে এবার বড় পর্দায় দেখার জন্য স্বাভাবিকভাবেই দর্শকের প্রত্যাশা অনেক বেশি।

এদিকে, সম্প্রতি প্রকাশিত ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রযোজক আবদুল আজিজ। তিনি স্পষ্ট করে জানান, মাসুদ রানা চরিত্রে বা অন্য কোনো চরিত্রে কোথাও এআই ব্যবহার করা হয়নি; রাসেল রানা নিজেই সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। তবে কিছু ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) মানোন্নয়নে এআই প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে মাত্র।

ছবির পরিচালক সৈকত নাসির মনে করেন, ‘মাসুদ রানা’ মূলত বাংলাদেশের জেমস বন্ড। সেই ভাবনা থেকেই এর প্রযুক্তিগত মান ও উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, দেশের দর্শক যখন বড় পর্দায় আন্তর্জাতিক মানের স্পাই চরিত্র দেখতে চাইবেন, তখন প্রযুক্তিগতভাবে দেশীয় চলচ্চিত্রকেও আন্তর্জাতিক মানের প্রস্তুত থাকতে হবে এবং তাঁরা সেই চেষ্টাই করেছেন। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রে রাসেল রানার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী।