১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৩৭:০৫ অপরাহ্ন


‘দৃশ্যম ৩’ বক্স অফিসে জর্জকুট্টির পরিবারের জয়জয়কার !
বিনোদন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-২৫ ২০:২৪:২০
‘দৃশ্যম ৩’ বক্স অফিসে জর্জকুট্টির পরিবারের জয়জয়কার !


‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিনেমা দর্শকদের উন্মাদনা যে কতটা তীব্র, তা আবারও প্রমাণিত হলো বক্স অফিসে। গত ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই টিকিট কাউন্টারে রীতিমতো ঝড় তুলেছে এই ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। পরিবারকে আইনি জটিলতা থেকে বাঁচাতে সাধারণ এক কেব্‌ল ব্যবসায়ী জর্জকুট্টির তীক্ষ্ণ বুদ্ধির লড়াই দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম চার দিনে অর্থাৎ গত রোববার (২৪ মে) পর্যন্ত সিনেমাটির বৈশ্বিক বক্স অফিস কালেকশন ১৪১ কোটি ৩৪ লাখ রুপিতে পৌঁছে গেছে।

ভারতের অভ্যন্তরীণ বাজারেও সিনেমাটি দুর্দান্ত ব্যবসায়িক সফলতা বজায় রেখেছে। মুক্তির চতুর্থ দিন রোববারে এটি ভারতজুড়ে ১৩ কোটি ৯৫ লাখ রুপি নেট আয় করেছে, যা আগের দিন শনিবারের (১৩ কোটি ৭০ লাখ রুপি) চেয়ে কিছুটা বেশি। এর ফলে চার দিনে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ রুপি। এই আয়ের পেছনে বরাবরের মতোই সবচেয়ে বড় বাজার হিসেবে ভূমিকা রেখেছে সিনেমাটির মূল রাজ্য কেরালা (কেরলম)। শুধু রোববারই কেরালা থেকে সিনেমাটি সংগ্রহ করেছে ৯ কোটি ৭০ লাখ রুপি।

‘দৃশ্যম ৩’ দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পেলেও এর মূল মালয়ালম সংস্করণটি আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। রোববার ৩ হাজার ১৮৬টি শো থেকে শুধু মালয়ালম সংস্করণটিই আয় করেছে ১১ কোটি ৭৫ লাখ রুপি, যেখানে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া তেলেগু সংস্করণ থেকে ১ কোটি ২০ লাখ, তামিল সংস্করণ থেকে ৬৫ লাখ এবং কন্নড় সংস্করণ থেকে এসেছে ৩৫ লাখ রুপি। ওই দিন সব মিলিয়ে ভারতের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহে মোট ৫ হাজার ২৭০টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। উল্লেখ্য, মুক্তির প্রথম দিনে সিনেমাটির নেট আয় ছিল ১৫ কোটি ৮৫ লাখ রুপি এবং দ্বিতীয় দিনে তা দাঁড়িয়েছিল ১১ কোটি ৫ লাখ রুপিতে।

আন্তর্জাতিক বাজারেও জর্জকুট্টির এই থ্রিলার গল্প বেশ ভালো সাড়া জাগিয়েছে। সিনেমাটির মোট বৈশ্বিক আয় ১৪১ কোটি ৩৪ লাখ রুপির মধ্যে ভারতের গ্রস সংগ্রহ ৬৩ কোটি ৩৪ লাখ রুপি এবং আন্তর্জাতিক তথা বিদেশি বাজার থেকে এসেছে বড় অঙ্কের ৭৮ কোটি রুপি। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল (গালফ), উত্তর আমেরিকা এবং ইউরোপের দর্শকেরা বিদেশি আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ২০১৩ সালে পরিচালক জিতু জোসেফের হাত ধরে শুরু হওয়া এই মালয়ালম থ্রিলার ফ্র্যাঞ্চাইজিটি পরবর্তীতে সিক্যুয়েলসহ সব ভাষাতেই এবং হিন্দি রিমেকেও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। এবার ‘দৃশ্যম ৩’ ছবিতেও জর্জকুট্টির চেনা পরিবার নিয়ে ফিরে এসেছেন আগের অভিনয়শিল্পীরাই। যেখানে জর্জকুট্টির চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা মোহনলাল, রানী জর্জের চরিত্রে মীনা, অঞ্জু চরিত্রে আনসিবা হাসান এবং অনু চরিত্রে অভিনয় করেছেন এস্থার অনিল।