ঢাকা, মঙ্গলবার (৫ মে): রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি, মানবিক সহায়তা এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক দৃষ্টিকোণ থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থ সহায়তা হ্রাস পাওয়ায় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি নিয়ে আলোচনায় ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, সীমিত জায়গায় বিপুল সংখ্যক শরণার্থী অবস্থানের কারণে তারা নানা ধরনের মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক ও আর্থ-সামাজিক বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণের সুযোগ সীমিত। তাই সংকট সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান বলে তিনি মত দেন।
বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর কারণে রোহিঙ্গা সমস্যা যেন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। জবাবে মন্ত্রী তাকে স্বাগত জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।