১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:২৬ অপরাহ্ন


আদালতের লড়াই পেরিয়ে সংসদে নুসরাত—এমপি হিসেবে শপথ নিলেন তাবাসসুম
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৪:২৫:২৫
আদালতের লড়াই পেরিয়ে সংসদে নুসরাত—এমপি হিসেবে শপথ নিলেন তাবাসসুম স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম


সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন নুসরাত তাবাসসুম। বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া-এর সঞ্চালনায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কক্ষে গিয়ে নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন। বিলম্বের কারণ দেখিয়ে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।

আদালত ইসিকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে পরবর্তীতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

এর আগে গত ৩ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেন। ওই দিন রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় জানায়, সংরক্ষিত নারী আসনের মোট ৫০টির মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে ১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একটি আসনের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।