১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৩:৩৩ অপরাহ্ন


স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৪:২৮:২৯
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে আজ দুপুরে তিনি মারা যান। মরহুমার মরদেহ আগামীকাল (রোববার) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিশেষ বিমানে দেশে নিয়ে আসা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দিলারা হাফিজের মৃত্যুতে জাতীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। স্পিকারের পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।