ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি করা হয়।
বাংলাদেশ পুলিশের বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত। তার বাড়ি বগুড়া জেলায়।
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আলোচনায় আসেন।
দায়িত্ব পালনকালে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও জটিল পরিস্থিতি মোকাবিলায় দক্ষতার জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে সুনাম অর্জন করেন তিনি। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা—যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।
রমনা বিভাগে দায়িত্ব পালনের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন তিনি।
নতুন দায়িত্বে যোগ দিয়ে চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।