১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৫:৪১ অপরাহ্ন


দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন: নিকার বৈঠকে সিদ্ধান্ত!
সচিবালয় প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০১ ১৯:৩৫:১০
দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন: নিকার বৈঠকে সিদ্ধান্ত! মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান I ছবি: সংগৃহীত


দেশে নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানার অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’। নতুন অনুমোদন পাওয়া উপজেলা তিনটি হচ্ছে—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠন করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর বৈঠকে এসব নতুন উপজেলা ও থানা গঠনের প্রস্তাব পাস হয়। নিকার প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়নকে পৃথক করে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে নতুন ‘পাগলা’ উপজেলা গঠন করা হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ গঠন করা হয়েছে।

বৈঠকে উপজেলা ও থানা গঠনের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলোকে এখন থেকে ঢাকা জেলার মূল প্রশাসনিক সীমানার অন্তর্ভুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন।