ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় প্রবাসীরা ঠিক কী অবস্থায় আছেন এবং বর্তমান প্রেক্ষাপটে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলোর পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী প্রবাসীদের যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো একের পর এক বাতিল হওয়ায় বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন। তাঁর বিশেষ নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী মাঠ পর্যায়ে কাজ করছেন। সকাল থেকেই বিমান প্রতিমন্ত্রী বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে যাত্রীদের সুযোগ-সুবিধা তদারকি করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সরকারপ্রধানের এমন তদারকি ও মন্ত্রীদের তৎপরতায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।