১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:১৩ অপরাহ্ন


ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৯:২২:২১
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে রাজু ভাস্কর্যের সামনে এই মিছিলের ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালক রুবেল।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে হঠাৎ ব্যানার প্রদর্শন ও স্লোগান দিতে শুরু করেন। সংক্ষিপ্ত সময়ের এই মিছিল শেষ করে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ধাওয়া দিয়ে একটি মাইক্রোবাসসহ ওই দুজনকে আটক করা হয়।

ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শিক্ষার্থীদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকা থেকে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আটক ফারহান তানভীর নাসিফের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।