নিজের স্বচ্ছতা প্রমাণে নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। এই সম্মেলনে তিনি জাতির সামনে নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদের প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। দলটির দাবি, 'ফ্যাসিস্ট এনাবলার' হিসেবে পরিচিত ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্ত পরিচয় দিয়ে একদল লোক দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। মূলত এই অপপ্রচারের জবাব দিতে এবং জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই তিনি সশরীরে উপস্থিত হয়ে নিজের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
এর আগে গত সোমবার একটি অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। এই পদক্ষেপের পরপরই তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। এনসিপির ভাষ্যমতে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার ভাবমূর্তি নষ্ট করার যে চেষ্টা চলছে, ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের মাধ্যমে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের আইনি ও নৈতিক ভিত্তি নিয়ে কথা বলার পাশাপাশি সিটি নির্বাচনে তার অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের এমন সাহসী পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।