১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৮:২১ অপরাহ্ন


বিশ্বকাপ ইস্যু নিয়ে ফিফার সঙ্গে বসবে ইরান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৪:০৪:৪৫
বিশ্বকাপ ইস্যু নিয়ে ফিফার সঙ্গে বসবে ইরান ছবি: সংগৃহীত


আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এবং সম্প্রতি কানাডা বিমানবন্দরে ইরানি কর্মকর্তাদের হয়রানিকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে নতুন উত্তাপ ছড়িয়েছে। এই পরিস্থিতির সমাধানে এবং ফিফা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে জরুরি বৈঠকের উদ্যোগ নিতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। শুক্রবার (২ মে) ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, আগামী ২০ মে-র আগেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এই সংকটের মূলে রয়েছে সম্প্রতি ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে একমাত্র ইরানই এই কংগ্রেসে উপস্থিত থাকতে পারেনি। এর কারণ হিসেবে মেহেদি তাজ জানান, ভ্যাঙ্কুভারে যাওয়ার পথে টরন্টো বিমানবন্দরে তিনি এবং তাঁর প্রতিনিধি দল কানাডীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে চরম হয়রানির শিকার হন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে তাঁদের দীর্ঘ দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

মেহেদি তাজ ক্ষোভের সাথে গণমাধ্যমকে জানান, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁদের আটকে রাখা হয়েছিল। ইমিগ্রেশন কর্মকর্তারা জানান যে, আইআরজিসির কাউকে তাঁরা তাঁদের দেশে প্রবেশ করতে দেন না। এর জবাবে তাজ বলেন, ইরানে প্রায় ৯ কোটি মানুষ এই সংগঠনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। দীর্ঘ সময় অপেক্ষার পর কানাডীয় কর্তৃপক্ষ তাঁদের প্রবেশের অনুমতি দিলেও অপমানে এবং ক্ষোভে ইরানি প্রতিনিধি দলটি সেখান থেকেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার প্রেক্ষিতেই মূলত ফিফার সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তা দেখছে ইরান।

এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা সংশয় তৈরি হয়েছিল। বিশেষ করে স্বাগতিক দেশগুলোর সাথে ইরানের বর্তমান কূটনৈতিক সম্পর্ক খেলোয়াড়দের নিরাপত্তা ও ভিসার বিষয়ে প্রশ্ন তুলেছিল। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে গত বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কংগ্রেসে নিশ্চিত করেছেন যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে।

বিশ্বকাপের গ্রুপ 'জি'-তে ইরান লড়বে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে। টুর্নামেন্ট চলাকালীন তাদের ক্যাম্প করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের টাকসনে। এখন দেখার বিষয়, জুরিখের বৈঠকে কানাডায় হওয়া অপমানের প্রতিকার এবং বিশ্বকাপের মূল আসরে ইরানি খেলোয়াড় ও কর্মকর্তাদের পূর্ণ নিরাপত্তার বিষয়ে ফিফা কী ধরনের আশ্বাস প্রদান করে।