১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৮:৩১ অপরাহ্ন


বন্ধ ঘোষণা করা হল দেশের একমাত্র তেল শোধনাগার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৬:৫৬:১২
বন্ধ ঘোষণা করা হল দেশের একমাত্র তেল শোধনাগার ছবি: সংগৃহীত


অপরিশোধিত তেলের তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল)। সোমবার (১৩ এপ্রিল) বিকেল থেকে কারখানাটির পরিশোধন কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মূলত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে গত দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে। কর্তৃপক্ষ পাইপলাইন ও ট্যাংকের তলানিতে জমে থাকা তেল দিয়ে এতদিন কার্যক্রম সচল রাখলেও বর্তমানে ব্যবহারযোগ্য মজুদ ফুরিয়ে গেছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহের আগে তেলের নতুন চালান আসার সম্ভাবনা নেই, তাই ততক্ষণ পর্যন্ত শোধনাগারটি বন্ধ রাখতে হবে।

তবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও দেশে জ্বালানি তেলের সংকটের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তাদের দাবি, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, ফলে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। উল্লেখ্য, ইআরএল সাধারণত দৈনিক ৪ হাজার ৫০০ টন তেল পরিশোধন করলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল।