১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৩:১৮ অপরাহ্ন


শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৪:০০:৪২
শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


মুষলধারে বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২ মে) সকালে এক সংক্ষিপ্ত সফরে আধ্যাত্মিক নগরী সিলেটে পৌঁছান সরকারপ্রধান।

সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গমন করেন। মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত রাস্তার দুই পাশে তীব্র ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ জড়ো হন তাকে স্বাগত জানাতে। প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের অভিবাদনের জবাব দেন।

মাজার জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নগরীর চাঁদনী ঘাট এলাকায় যান। সেখানে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে গৃহীত একটি বিশেষ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর তিনি স্থানীয় সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর আজকের সফরের সূচিতে আরও রয়েছে সিলেটে চলমান খাল খনন কর্মসূচি এবং 'নতুন কুঁড়ি স্পোর্টস' সহ বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের তদারকি। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষ করে আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এই সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।