১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৩:২১ অপরাহ্ন


বিএনপি যা বলে তাই কিন্তু করে: প্রতিমন্ত্রী টুকু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৮:৫৪:২১
বিএনপি যা বলে তাই কিন্তু করে: প্রতিমন্ত্রী টুকু ছবি: সংগৃহীত


টাঙ্গাইলের ধলেশ্বরী ও লৌহজং নদীর স্বাভাবিক গতি ফেরাতে ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫২.৯২ কিলোমিটার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে সদর উপজেলার খুদিরামপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে খাল ও নদী খনন কর্মসূচি শুরু করেছেন। বিএনপি যা বলে তা কাজে করে দেখায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নদীর জায়গা যারা দখল করে রেখেছে, প্রশাসনকে তা দ্রুত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই বিগত সরকারের মতো অনিয়ম এখানে চলবে না।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৫২ কিলোমিটারের বেশি এই নদী খনন সম্পন্ন হলে জেলার কৃষি ও মৎস্য খাতে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।