১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০২:৫৪ অপরাহ্ন


তৃতীয় দফায় রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-৩০ ১৭:০৫:০৩
তৃতীয় দফায় রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার ছবি: সংগৃহীত


সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে তিন দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরবর্তীতে রমনা মডেল থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত ২২ এপ্রিল পাঁচ দিন এবং ২৬ এপ্রিল চার দিনের রিমান্ড দেওয়া হয়। দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে আজ তাকে পুনরায় আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে মাঞ্জিল হায়দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর রমনা থানার রূপায়ন টাওয়ারের সামনে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। মামলার এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের লক্ষে মিছিল করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। ওই দিনই এসআই আওলাদ হোসেন বাদী হয়ে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। সেই মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় ডিজিএফআইয়ের এই সাবেক কর্মকর্তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।