১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:০২ অপরাহ্ন


শহীদ পরিবারের লোক জামায়াত করলে ‘ডাবল অপরাধ’: ফজলুর রহমান
সংসদ প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৭:৫২:৪৯
শহীদ পরিবারের লোক জামায়াত করলে ‘ডাবল অপরাধ’: ফজলুর রহমান জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন ফজলুর রহমান। ছবি: ভিডিও থেকে নেয়া


মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াতে ইসলামী করার সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, শহীদ পরিবারের কেউ জামায়াত করলে তা ‘ডাবল অপরাধ’।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরাজমান থাকবে এবং কোনো অপশক্তি তা দমিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, “এ দেশে যেমন ফুল ফোটে, তেমনি প্রয়োজনে প্রতিরোধও গড়ে ওঠে। যতদিন এ দেশে শক্ত প্রতিরোধ থাকবে, ততদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই জয়ী হবে।”

বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করলেও একই সঙ্গে জামায়াতে ইসলামী করার কথা বলেন, যা তার মতে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা উচিত নয়। আর শহীদ পরিবারের কেউ এ ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত হলে তা দ্বিগুণ অপরাধের শামিল।”

সংসদ সদস্য অভিযোগ করেন, অতীতে একটি সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, একসময় তার বাসভবনের সামনে হামলার উদ্দেশ্যে জড়ো হয়েছিল একটি দল। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে তার দাবি, কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত সফল হয়নি।