১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৭:২৩ অপরাহ্ন


মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৬:০৮:৫৫
মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা ছবি: সংগৃহীত


উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (DIFF) মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে এই সম্মাননা পেয়েছেন শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই ও শত্রুঘ্ন সিনহার মতো বরেণ্য ব্যক্তিত্বরা। কিংবদন্তি এই শিল্পীকে সম্মানিত করার মাধ্যমে উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবটি ৫ দিনব্যাপী চলবে।

পুরস্কার প্রাপ্তির পর এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এই আন্তর্জাতিক উৎসবের অংশ হতে পেরে গর্ববোধ করার পাশাপাশি উৎসবের সভাপতি রাম কিশোর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ধন্যবাদ জানান। তাঁর মতে, এ ধরনের আয়োজন বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের মধ্যে সংহতি স্থাপনে একটি বিশাল পদক্ষেপ।

আগামী ৪ মে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আদুর গোপালকৃষ্ণন আনুষ্ঠানিকভাবে উৎসবটির উদ্বোধন করবেন। ৮ মে পর্যন্ত চলতে থাকা এই উৎসবে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।