১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৬:৫৭ অপরাহ্ন


বন্ধ হরমুজ প্রণালি, শতাধিক ট্যাঙ্কারে আটকা হাজারো নাবিক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৭ ১৬:৫০:১৫
বন্ধ হরমুজ প্রণালি, শতাধিক ট্যাঙ্কারে আটকা হাজারো নাবিক ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় চরম মানবিক সংকটে পড়েছেন হাজারো নাবিক। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাঙ্কো (Intertanko) জানিয়েছে, বর্তমানে ১০৫টিরও বেশি ট্যাঙ্কারে প্রায় ২ হাজার ৪০০ জন নাবিক আটকা পড়ে আছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি অবরোধ ও উত্তেজনার জেরে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টারট্যাঙ্কোর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স জানান, খোদ ইরানের উপকূলসংলগ্ন এলাকায় বিপুলসংখ্যক জাহাজ ও নাবিক স্থবির হয়ে আছেন। দীর্ঘ সময় ধরে সাগরে ভাসমান থাকায় ক্রুদের মধ্যে তীব্র মানসিক চাপ, ক্লান্তি ও অনিশ্চয়তা দেখা দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, জাহাজগুলোতে খাবার ও পানির মজুদ ফুরিয়ে আসছে এবং বর্জ্য অপসারণের মতো মৌলিক বিষয়গুলো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘরে ফেরার কোনো নিশ্চয়তা না থাকায় নাবিকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই এই জলপথটি পুনরায় উন্মুক্ত করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এই অচলাবস্থা বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করেছে।

ঘটনার প্রেক্ষাপটে দেখা যায়, গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের ওপর অবরোধ আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ইরানও হরমুজ প্রণালিতে কঠোর নজরদারি ও জাহাজ আটকের মতো পদক্ষেপ নিচ্ছে। গত সপ্তাহে দুটি কার্গো জাহাজ ‘পরিদর্শনের’ নামে আটক করে ইরান। পাল্টাপাল্টি এই ‘ডুয়াল ব্লকেড’ বা দ্বিমুখী অবরোধের যাঁতাকলে পিষ্ট হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন বিভিন্ন দেশের হাজারো নাবিক।