১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৪৪:১৬ পূর্বাহ্ন


এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৫ ১৯:২৩:০০
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর ছবি: সংগৃহীত


বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি ব্যবস্থা নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি পূর্ণাঙ্গ বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি সহজ করতে একটি আধুনিক সফটওয়্যার তৈরির কাজও চলমান রয়েছে।

মন্ত্রী জানান, এই নীতিমালা কার্যকর হলে বিশেষ করে এনটিআরসিএ-র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় ফেরার সুযোগ পাবেন। শুধু সাধারণ শিক্ষক নন, প্রধান শিক্ষকদেরও এই প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় শূন্যপদে বদলি করা সম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাব্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। একটি সফটওয়্যার তৈরির মাধ্যমে শিক্ষক থেকে কর্মচারী—সবাইকেই একই বদলি নীতিমালার আওতায় নিয়ে আসা হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সভায় জানানো হয়, সফটওয়্যারের মাধ্যমে বদলি প্রক্রিয়া চালু হলে তদবির বা হয়রানি ছাড়াই যোগ্যতার ভিত্তিতে শিক্ষকরা তাঁদের কাঙ্ক্ষিত এলাকায় যাওয়ার সুযোগ পাবেন। যদিও প্রকল্পটি এখনো প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে, তবে দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলে মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বেসরকারি শিক্ষা খাতে এক বড় ধরনের প্রশাসনিক সংস্কার আসবে বলে ধারণা করা হচ্ছে।