১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২১:১৪ অপরাহ্ন


অর্থ আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৫ ১৮:৩৮:২৫
অর্থ আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে ছবি: সংগৃহীত


চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি ২০ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এক ভুক্তভোগীর করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। আজ শনিবার আদালতের প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী মিজানুর রহমানের সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার কথা বলে দেবু প্রসাদ রায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রথম দফায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে একই ব্যবসার প্রলোভন দেখিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের মে মাসে স্ট্যাম্প চুক্তির মাধ্যমে নগদ ৬ কোটি টাকা হাতিয়ে নেন। এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে কয়েক দফায় আরও ১ কোটি ২০ লাখ টাকা গ্রহণ করেন তিনি। সর্বশেষ গত ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা পাঠানো হয়।

ভুক্তভোগী মিজানুর রহমানের দাবি, দীর্ঘ সময় অতিবাহিত হলেও দেবু প্রসাদ রায় পাওনা টাকা ফেরত না দিয়ে নানাভাবে তালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। সরল বিশ্বাসের সুযোগ নিয়ে সব মিলিয়ে ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।