দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে এবং কার্যকর পরামর্শ প্রদানের লক্ষ্যে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সমস্যা এবং এর প্রভাব সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। বুধবার বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা সরকারি দল থেকে পাঁচজনের নাম ঘোষণা করছি এবং বিরোধী দলকে অনুরোধ করছি আরও পাঁচটি নাম দেওয়ার জন্য। এই ১০ সদস্যের কমিটি বসে আলোচনা করে সরকারকে বাস্তবসম্মত পরামর্শ দেবে, যা পরবর্তী সময়ে কার্যকর করা হবে।”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকারি দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন— বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা আশা করি, জাতীয় সংসদই হবে সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু। আমরা দ্রুতই আমাদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করবো।”
সংসদে সরকারি ও বিরোধী পক্ষের এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং যৌথভাবে জাতীয় সংকট মোকাবিলা করার এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কমিটির পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিলে দেশের চলমান জ্বালানি অস্থিরতা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।