১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৪৯:১২ অপরাহ্ন


চট্টগ্রামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৪:৩২:২৬
চট্টগ্রামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২ ছবি: সংগৃহীত


চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টেরিবাজারের ১০ তলা বিশিষ্ট ‘কে বি অর্কিড প্লাজা’ ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান। এছাড়া মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে বিদ্যুৎ আসার পরপরই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। টেরিবাজার ব্যবসায়ী সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে দোকানপাটের ব্যাপক ক্ষতির পাশাপাশি কর্মচারীদের বেতন-বোনাসের জন্য রাখা নগদ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। উল্লেখ্য, ১০ তলা ভবনটির নিচের তলাগুলোতে শপিংমল ও ব্যাংক থাকলেও ওপরের তলাগুলো আবাসিক হিসেবে ব্যবহৃত হতো।