দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু মোকাবিলায় সরকার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য বিগত সরকারের আমলে টিকাদান কর্মসূচিতে অবহেলার বিষয়টিকে দায়ী করেছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে হামের টিকা দেওয়ার বিশেষ উদ্যোগ নিলেও অসুস্থ শিশুদের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী জানিয়েছেন, যেসব শিশু জ্বর, ঠান্ডা বা কাশিতে ভুগছে, তারা সুস্থ না হওয়া পর্যন্ত এই টিকা নিতে পারবে না। এছাড়া টিকার প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হওয়া পর্যন্ত পরবর্তী ডোজ দেওয়া থেকে বিরত থাকতে হবে। চিকিৎসকদের মতে, শারীরিক অসুস্থ অবস্থায় টিকা দিলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে; তাই শিশু পুরোপুরি সুস্থ হওয়ার পরই নির্ধারিত নিয়ম মেনে টিকা দেওয়া সবচেয়ে নিরাপদ ও কার্যকর।