১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৮:২৬ অপরাহ্ন


শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডে চায় ডিবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৭ ১৫:২৪:১৩
শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডে চায় ডিবি ছবি: সংগৃহীত


রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এই আবেদন দাখিল করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মূল কুশিলব ছিলেন। মামলার প্রাথমিক তথ্যানুযায়ী, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই এই সহিংস ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরীন শারমিন চৌধুরী কৌশলে অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।

আবেদনে আরও বলা হয়েছে, মামলার রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এছাড়া তিনি জামিন পেলে মামলার তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে পারেন বা আত্মগোপনে চলে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য ডিবি পুলিশ দুই দিনের রিমান্ডের জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গতকাল দিবাগত রাতে ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর আজ সকালে তাকে লালবাগ থানার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।