১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:১৩ অপরাহ্ন


সংসদে হামের প্রাদুর্ভাবের কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৮:২০:৫৪
সংসদে হামের প্রাদুর্ভাবের কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত


বিগত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলার টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এক জরুরি নোটিশের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর অন্তর এই ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও আগের সরকারের অদূরদর্শিতার কারণে তা হয়নি, ফলে বিপুল সংখ্যক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে।

বর্তমান সংকট মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে। প্রথম দিনেই লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ শিশুকে টিকা দিয়ে সরকার বড় সাফল্য পেয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ১২ লক্ষ শিশুকে টিকার আওতায় আনা হবে। এছাড়া আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে এবং ৩ মে থেকে সারা দেশে এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসায় প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং রাজশাহীতে নতুন করে ২৫০টি বেড স্থাপন করা হচ্ছে। শিশুদের অন্ধত্ব ও শারীরিক জটিলতা রোধে টিকার পাশাপাশি ভিটামিন-এ ক্যাপসুলও দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক ও ইউনিসেফের সহায়তায় নতুন করে টিকা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যুদ্ধকালীন তৎপরতায় এই জনস্বাস্থ্য সংকট মোকাবিলা করছে।