১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৫:১৪ অপরাহ্ন


দায়িত্ব বণ্টন হল অ্যাড-হক কমিটিতে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৪:৫৩:০৩
দায়িত্ব বণ্টন হল অ্যাড-হক কমিটিতে ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত ১১ সদস্যের অ্যাড-হক কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বণ্টন সম্পন্ন করেছে। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে। বুধবার কমিটির দ্বিতীয় সভায় সদস্যদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল নিজে নিয়েছেন ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের দায়িত্ব। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। এছাড়া গ্রাউন্ডস কমিটির প্রধান হয়েছেন রফিকুল ইসলাম বাবু এবং টুর্নামেন্ট কমিটির দায়িত্ব সামলাবেন মিনহাজুল আবেদীন নান্নু।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আতাহার আলী খান আম্পায়ার কমিটি, রাশনা ইমাম নারী ক্রিকেট ও মেডিকেল, এবং তানজিল চৌধুরী বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন। মার্কেটিং ও ডিসিপ্লিনারি কমিটির প্রধান হয়েছেন সালমান ইস্পাহানি। এছাড়া লজিস্টিক বিভাগে মির্জা ইয়াসির আব্বাস, ফাইন্যান্স ও ওয়েলফেয়ারে ইসরাফিল খসরু এবং সিকিউরিটি বিভাগে দায়িত্ব পালন করবেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। এই অ্যাড-হক কমিটির মাধ্যমেই এখন থেকে বিসিবির দৈনন্দিন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।