সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনাপ্রধানের এই সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জর্জিয়া স্টেট ক্যাপিটলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের সামরিক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, কৌশলগত সহায়তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। সেনাপ্রধানের এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।