১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২১:৩০ অপরাহ্ন


যশোর পুরো শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার ঘোষণা প্রতিমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৬:৪০:৪২
যশোর পুরো শহরকে ক্লোজ সার্কিট  ক্যামেরার আওতায় আনার ঘোষণা প্রতিমন্ত্রীর ছবি: সংগৃহীত


যশোর শহরকে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে পুরো শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের নেতাজী সুভাষচন্দ্র সড়ক থেকে এমএম আলী রোড পর্যন্ত ড্রেন ও আরসিসি সড়কের উদ্বোধনকালে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন এই বিকল্প সড়কটি শহরের যানজট নিরসনে এবং নাগরিকদের যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চিত্রা মোড় এলাকার দীর্ঘদিনের ভোগান্তি এতে অনেকটাই কমে আসবে। একই সঙ্গে তিনি শহরবাসীকে আশ্বস্ত করে বলেন, ড্রেনেজ ব্যবস্থার চলমান উন্নয়ন কাজগুলো আগামী বর্ষা মৌসুমের আগেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে, যাতে গত বছরের মতো জলাবদ্ধতার কবলে পড়তে না হয়।

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অপরাধমুক্ত নগরী গড়তে পুলিশি তৎপরতার পাশাপাশি প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হবে। অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যশোরের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।