১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৩:১৫ অপরাহ্ন


১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য বাসভবন বরাদ্দ দেওয়া হবে: চিফ হুইপ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৫:৩৬:১২
১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য বাসভবন বরাদ্দ দেওয়া হবে: চিফ হুইপ ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের আবাসন সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা দূর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সংসদ কমিটি। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য বাসভবন বরাদ্দ দেওয়া হবে। স্পিকার, মন্ত্রী ও হুইপদের জন্য পৃথক ব্যবস্থার পাশাপাশি সাধারণ সদস্যদের প্রয়োজনীয় আসবাবপত্রসহ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে ৩০ মার্চ আবারও বৈঠকে বসবে কমিটি।

বৈঠকে সংসদের উদ্বোধনী অধিবেশনগুলোতে হেডফোন ও সাউন্ড সিস্টেমের বিভ্রাট নিয়ে তীব্র আলোচনা হয়। ১২ মার্চের অধিবেশনে শব্দযন্ত্রের সমস্যার কারণে কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হয়েছিল, যা নিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। চিফ হুইপ জানান, এই যান্ত্রিক ত্রুটির পেছনে কোনো ‘সাবোটাজ’ বা নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সাউন্ড সিস্টেমের স্থায়ী সমাধানের জন্য বুয়েটের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশেষ করে বর্তমানের ভারী হেডফোনগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করে চিফ হুইপ বলেন, এগুলো ব্যবহারে সংসদ সদস্যদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে এই ‘ঢাউস’ হেডফোনগুলো পরিবর্তন করে আধুনিক ও আরামদায়ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১২ মার্চ গঠিত ১১ সদস্যের এই সংসদ কমিটি মূলত সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা ও ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করছে।