১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৭:২২ অপরাহ্ন


ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৪:১৪:৩৭
ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত


সাত দিনের দীর্ঘ ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ সচিবালয়সহ দেশের সকল সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটির পর প্রথম কার্যদিবসেই সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসের শুরুতেই কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এরপর বেলা ১১টায় প্রধানমন্ত্রী রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার লক্ষ্যে একটি বিশেষ নীতি-নির্ধারণী বৈঠকে অংশ নেন।

দুপুরের পর প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। দিনের শেষভাগে তার সূচিতে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক। সব মিলিয়ে ঈদের আমেজ ছাপিয়ে সচিবালয়ে এখন পুরোদমে রাষ্ট্রীয় কর্মব্যস্ততা ফিরে এসেছে।