ঈদের ছুটির আমেজ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের রদবদল ও নাটকীয়তা তৈরি হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য, এই পদত্যাগের ঠিক আগের দিনই বিসিবির অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ কমিটিতে বড় পরিবর্তন আনা হয়েছিল। আমজাদ হোসেনকে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে সেই জায়গায় মোখছেদুল কামাল বাবুকে দায়িত্ব দেওয়া হয়। মোখছেদুল এতদিন একই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি বিসিবির ওয়েলফেয়ার কমিটির প্রধান হিসেবেও কর্মরত আছেন।
বিসিবি সূত্র আমজাদ হোসেনকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ না জানালেও, পদ হারানোর পরদিনই তার বোর্ড থেকে পুরোপুরি সরে দাঁড়ানোকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে ক্রিকেট সংশ্লিষ্টরা। গত বছরের অক্টোবর মাসে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন তিনি। মাত্র কয়েক মাসের মাথায় দায়িত্ব হারানো এবং শেষ পর্যন্ত বোর্ড থেকেই পদত্যাগ করায় বিসিবির অন্দরমহলে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।