সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় দুইশ বছরের ঐতিহ্য মেনে দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামসহ দেশের বিভিন্ন স্থানের কয়েক লাখ মুরিদ হানাফি মাজহাবের রীতি অনুযায়ী একদিন আগেই এই উৎসব পালন করতে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার ৩০টি রোজা পূর্ণ শেষে আগামীকাল সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরের বড় ছেলে ড. মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। দরবার সূত্র জানায়, ভৌগোলিক অবস্থান, দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসাব এবং মক্কা-মদিনার চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে তারা দীর্ঘকাল ধরে এভাবে ঈদ ও চন্দ্র মাসের ধর্মীয় বিধানগুলো পালন করে আসছেন।
সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া ও আনোয়ারার শতাধিক গ্রাম ছাড়াও ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট এবং বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা মির্জাখীল দরবারের অনুসারীরা আগামীকাল উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করবেন। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের বেশ কিছু গ্রামেও এই দরবারের মুরিদরা আগামীকালই ঈদের নামাজ আদায় করবেন।