বিগত দেড় দশকের ধারাবাহিকতা বজায় রেখে এবারও গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারসহ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য বিশেষ ‘ঈদ উপহার’ পাঠানোর কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) থেকে দেশের প্রতিটি জেলায় এই ঈদ উপহারের অর্থ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ২০১৬ সাল থেকেই রমজান মাসে নির্যাতিত পরিবারগুলোকে এই সহায়তা দিয়ে আসছেন তারেক রহমান। গত বছর থেকে এই তালিকায় যুক্ত হয়েছে জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোও। নতুন সরকার গঠনের প্রথম এক মাসে রাষ্ট্রীয় কাজের প্রচণ্ড ব্যস্ততা থাকলেও, তারেক রহমান এই পরিবারগুলোর কথা ভোলেননি এবং দ্রুততম সময়ে উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এবার প্রায় ১৯০০ পরিবার প্রধানমন্ত্রীর এই ঈদ উপহারের তালিকায় রয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, শুরুতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠানোর পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতার কারণে এখন সরাসরি মাঠ পর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের টিমের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা পর্যায়ের টিমগুলো অত্যন্ত দ্রুততার সাথে প্রতিটি পরিবারের দুয়ারে এই উপহার পৌঁছে দেওয়ার কাজ করছে।