১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৫:৫৬ অপরাহ্ন


খুব শীঘ্রই সাকিবকে দেশের মাটিতে দেখা যেতে পারে: নাজমুল আবেদিন ফাহিম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ১৮:৩৮:৪১
খুব শীঘ্রই সাকিবকে দেশের মাটিতে দেখা যেতে পারে: নাজমুল আবেদিন ফাহিম ছবি: সংগৃহীত


২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ মাঠে নামার পর থেকে আইনি জটিলতা ও নিরাপত্তার কারণে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশসেরা এই অলরাউন্ডারের ফেরা নিয়ে এখন নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। বুধবার (১৮ মার্চ) সংশ্লিষ্ট মহলের বক্তব্যে সাকিবের ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, বর্তমানে সাকিবের বিষয়টি নিয়ে বেশ দ্রুততার সাথে কাজ চলছে এবং তার ধারণা অনুযায়ী খুব শীঘ্রই সাকিবকে দেশের মাটিতে দেখা যেতে পারে। আগামী এপ্রিলের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য না করলেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ফাহিমের মতে, সাকিবের অন্তর্ভুক্তি দলে একটি ভিন্ন মাত্রা যোগ করবে।

এদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টিকে একটি ‘রাষ্ট্রীয় সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করেছেন যে, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো তাকে ব্যক্তিগতভাবে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। যদি তিনি নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসেন, তবে সরকার তার ব্যাপারে নমনীয় থাকবে। সব মিলিয়ে আইনি বাধা কাটলে নিউজিল্যান্ড সিরিজেই হয়তো আবারও লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।